টলিউডে নতুন মুখের আগমন মানেই দর্শকদের কৌতূহল। এবার সেই তালিকায় যুক্ত হলেন ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। টেলিভিশনের পর্দা ছেড়ে এবার তিনি পা রাখতে চলেছেন রুপালি জগতে। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলা সিনেমা প্রজাপতি ২–এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার।
সবচেয়ে বড় চমক, প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে জ্যোতির্ময়ীর বিপরীতে থাকছেন টলিউড সুপারস্টার দেব। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা কিছু দৃশ্য দর্শকদের নজর কেড়েছে।
বর্ধমানে বেড়ে ওঠা জ্যোতির্ময়ী ছোটবেলা থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবির মাধ্যমেই তার প্রথম ফটোশুটের সুযোগ আসে। সেখান থেকেই ধীরে ধীরে শোবিজ দুনিয়ায় পথচলা শুরু। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক বধূঁয়া–তে অভিনয়ের মাধ্যমে প্রথমবার দর্শকের নজরে আসেন তিনি।
তার সেই অভিনয় নজর কাড়ে দেবের, যার ফলেই ‘প্রজাপতি ২’ ছবির প্রস্তাব পান জ্যোতির্ময়ী। বর্ধমানের সাধারণ পরিবার থেকে উঠে এসে কলকাতা পর্যন্ত এই সফর মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত যাতায়াত করতে হয়েছে বর্ধমান-কলকাতা। তবে পরিবারের পূর্ণ সমর্থনই তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।
প্রথম ছবিতেই দেবের পাশাপাশি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী–র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জ্যোতির্ময়ী জানান, শুটিং সেটে পরিবেশ এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল যে বড় তারকাদের সঙ্গে কাজ করার চাপ তিনি কখনও অনুভব করেননি।
আগামী দিনে আবার ছোটপর্দায় ফিরবেন কি না—এই প্রশ্নে তিনি জানান, আপাতত সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। এখন তার সমস্ত মনোযোগ ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলা প্রথম সিনেমাকে ঘিরেই।
